গাজীপুরে ট্রেনের ধাক্কায় পৃথক ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।
গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে গাজীপুর মহানগরীর সালনা ভাগলবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুর রহমানের (৪৫) মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুণ খোলা এলাকায়।
জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল্যাহ জানান, গাজীপুরের শ্রীপুরের বরমী কাশিজুলি এলাকায় সোমবার সকাল ৬টায় রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারী মারা গেছেন। নিহত আম্বিয়া (৫১) শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া গ্রামের মোতালেবের স্ত্রী। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি এলাকায় মেয়ের জামাই বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
টঙ্গী জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, টঙ্গীর বনমালা এলাকায় সোমবার সকালে রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারী (৪৫) ঘটনাস্থলে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
