পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার পার্পেচুয়াল বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির নিয়মিত কমিশন সভায় এই বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।
এসইসি জানিয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন রেট ৬ শতাংশ (ফ্লোর) থেকে ১০ শতাংশ (সিলিং)। বন্ড আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটির মেন্ডেটেড লিড অ্যারাঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
