পেকুয়ায় ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ গুদাম সিলগালা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১২:১৪ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বাজারের একটি চালের গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিদারুল ইসলাম নামে এক চাল পাচারকারীকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন। এ সময় পেকুয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, পেকুয়া সদরের চড়াপাড়া বাজারের একটি গুদাম থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এসব চালের মধ্যে ৩৩৩ বস্তা ৩০ কেজি ওজনের এবং ২০০ বস্তা ৫০ কেজি ওজনের চালের বস্তা রয়েছে। চালের বস্তার জব্দ তালিকা তৈরি শেষে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে। পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত