খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিতের প্রজ্ঞাপন

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০১:৪২ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করেছে সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পঞ্চম দফায় সাজা স্থগিত হওয়ায় দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা পাওয়া সাবেক এ প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন কারাগারের বাইরে।

সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দন্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ ২৪ মার্চ (আজ) শেষ হবে।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দন্ডিত খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে এর আগে চার দফায় তার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। আর্থ্রাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত