হরতালের সমর্থনে জাফরুল্লাহ চৌধুরীর ভুখা মিছিল

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৭:১৭ পিএম

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৮ মার্চের সারা দেশে অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীতে ভুখা মিছিল করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট মোড়, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে হোটেল ৭১ এর বিপরীত রাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ভুল পথে চলছে। বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা আপনাদের জানা আছে।’

এ সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দরিদ্র অনাহারী মানুষদের খাদ্য ও কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘আমাকে সবাই অনুরোধ করে আমি যেন বিএনপিকে নিয়ে কিছু না বলি। কিন্তু মাঝে মাঝে না বলে পারি না। বিএনপি বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটাকে আমি পূর্ণ সমর্থন করি। আজকে আরেকটা বিষয়ে বিএনপিকে না বলতে শিখতে হবে। এই যে, খালেদা জিয়াকে বারবার জামিন না দিয়ে বা জামিনের নামে বারবার অপমান করা হচ্ছে। খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় বাইরে রাখা হয়েছে সেটি অপমানজনক।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে আবার সেই নাজিমুদ্দিন রোডের কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার। উনি বাইরে থেকে কী লাভ হচ্ছে? উনিতো আমাদের সঙ্গে এসে মিটিং করতে পারছেন না। জনগণের হয়ে কথা বলতে পারেন না। আপনাদের (বিএনপি) কাছে আমার অনুরোধ আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসুন। তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন। এতে সবারই লাভ হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মাদ ইবরাহিম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত