গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে গত এক মাসে দেশটিতে রাশিয়া প্রায় ১২০০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সেসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫৯ শতাংশই বিস্ফোরিত হয়নি বা গুলি করে নামানো হয়েছে অথবা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই দাবি করেছে।
পোস্টে বলা হয়েছে, ‘রাশিয়া প্রায় ১২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অর্ধেকেরও কম লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বাকীগুলো হয় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুলি করে নামিয়েছে অথবা ভুল লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হেনেছে। পাহাড়, বন বা নদীতে গিয়ে পড়েছে’।
‘রুশদের স্পষ্ট লক্ষ্যহীন ক্ষেপণাস্ত্র এবং আঁকাবাঁকা হাত রয়েছে’, পোস্টে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়।
পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগে বলেছিলেন যে, রাশিয়ার নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রশস্ত্র ফুরিয়ে যাচ্ছে এবং তাদের এখন সাধারণ বোমা এবং গোলা-বারুদের ওপরই নির্ভর করতে হবে’।
যুক্তরাষ্ট্রও দাবি করেছে, রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ৬০ শতাংশই ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও জানায়, গত ২৪ ঘন্টায় ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা প্রায় ২০০ রুশ সেনাকে হত্যা করেছে এবং নয়টি রুশ হামলা প্রতিহত করেছে।
ফেসবুকের এক পোস্টে আরও বলা হয় যে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ১২টি ট্যাঙ্ক, ২০টি সাঁজোয়া যান, ৯টি আর্টিলারি সিস্টেম, ৩টি প্লেন এবং ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
