মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি-এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে দলের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
পরে নেতা-কর্মীরা সেখানে ফাতেহা পাঠের পাশাপাশি জাতির পিতাসহ ১৯৭৫ সালের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, বিএনপি এখনো নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি এবং বলছে তারা এই প্রক্রিয়ার সঙ্গে নেই। তাই বলাই যায় বিএনপি একটি গণতান্ত্রিক দল নয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আগামী জাতীয় নির্বাচন হোক বা যে কোনো কর্মসূচি হোক সুচারু রূপে পালন করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করে যাবে।
