তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়াই স্বাধীনতা দিবসের শপথ। মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকীর দিন গতকাল শনিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ রাতে ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তার নেতৃত্বেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালিরা তাদের পাঁচ হাজার বছরের ইতিহাসে প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতার ৫০ বছর পরে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি। অনেক সূচকে ভারতকেও পেছনে ফেলেছি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু দুঃখের বিষয়, এদেশে এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও তার মিত্ররা। আজকের দিনে আমাদের শপথ হচ্ছে স্বাধীনতাবিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া।’
এ সময় ড. হাছান মাহমুদ দিনটি স্মরণে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, নির্যাতিতা ২ লাখ নারী, জাতীয় চার নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ দলীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
