৭৬ বলে সেঞ্চুরির পর ১৮৪ রানের ঝড় বিজয়ের

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩:১৫ পিএম

সাভারে ঝড় তুলল এনামুল হক বিজয়ের ব্যাট। খেললেন ১৮৪ রানে ঝোড়ো ইনিংস। তার দানবীয় ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৮ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

রবিবার সাভারের বিকেএসপি’র ৪ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় প্রাইম ব্যাংক। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে রানের বন্যা বইয়ে দেন প্রাইমের ব্যাটাররা।

৭৬ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন এনামুল। ১৪২ বলে ১৮৪ রানে থামেন ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল ১৮ চার ও ও ৮ ছক্কায়। আর ১৬ রান করলেই ‘লিস্ট-এ’ ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্বিশতকের দেখা পেতেন এনামুল। কেবল সৌম্য সরকারই এই মাইলফলকে আছেন। ২০১৯ সালে বিকেএসপিতে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

শাইনপুকুরের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন নাসির হোসেনও। ৩ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৬১ রান করেন তিনি। এছাড়া প্রাইম ব্যাংককে বড় পুঁজি এনে দেওয়ার পথে ৪৭ বলে ৪৭ করেন শাহাদাৎ হোসেন দিপু। মোহাম্মদ মিঠুন ২৬ বলে খেলেন ৩৮ রানের ইনিংস।

এবারের ডিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিজয়। প্রথম ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৬০ রানের পর দ্বিতীয় ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১২৭ করেন তিনি। তৃতীয় ম্যাচে করেন ৫৩ রান। চতুর্থ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৩। আর এবার পঞ্চম ম্যাচে এসে খেললেন ১৮৪ রানের ইনিংস!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত