‘ডিবি পরিচয়ে’ ঢাবি ছাত্রকে তুলে নেয়ার অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৫:৫৪ পিএম

ডিবি পরিচয়ে মেস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

শনিবার রাতে আজিমপুরের একটি বাসা থেকে আশিকুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

একই তথ্য নিশ্চিত করেছেন আশিকুর রহমানের রুমমেট মো. মুহসিন। তিনি সংবাদমাধ্যমকে জানান, আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, ‘আমি আর আশিকুর একই বাসাতে থাকি। রাতে আমাদের পাশের রুম থেকে হিযবুত তাহরীরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়। হিযবুত তাহরীরের সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নাই। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’

এ বিষয়ে লালবাগ থানার ওসি এম এম মুর্শেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘এ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়নি। আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্যও নেই।’

একই কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) হাফিজ আল আসাদ।

ওই শিক্ষার্থীকে কারা তুলে নিয়ে গেছে এ বিষয়ে কোনো তথ্য জানে না আশিকুর রহমানের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য পাইনি। আমাদের সহকর্মী ডিবি কার্যালয়ে গেছেন, কিন্তু কোনো তথ্য পাননি। আমরা তার খোঁজ নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রক্রিয়াতে আমরা বিষয়টা খোঁজ নিচ্ছি। রাষ্ট্রীয় কারণে জিজ্ঞাসাবাদ বা যেকোনো কারণেই নিয়ে যাওয়া হোক, নিরীহ কোনো শিক্ষার্থীকে যাতে হয়রানি শিকার না হয়, সে জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব।’

এদিকে আশিকুরের সন্ধানের দাবিতে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। তারা আশিকুর ‘গ্রেপ্তার হয়ে থাকলে’ দ্রুত তার মুক্তির দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত