নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জিহাদ (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিহাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার ভোরে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ কাঁচপুর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার ভোরে কাঁচপুর বাস স্ট্যান্ডের পাশে একটি রক্তাক্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহত জিহাদ এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে লুণ্ঠিত টাকা ও মালামালের ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মাথা এবং পায়ে কোপানোর জখমের চিহ্ন রয়েছে।
ওসি জানান, খুনের রহস্য ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় নিহতের মা-বাবা থানায় কোনো অভিযোগ বা মামলা না করায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
