মালয়েশিয়া সফররত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মঙ্গলবার মালয়েশিয়ার পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল তান শ্রি অ্যাক্রিল সানি বিন হাজ আবদুল্লাহ সানির সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে আইজিপি মালয়েশিয়ার পুলিশ প্রধানকে দুই দেশের চলমান প্রশিক্ষণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তারা বাংলাদেশ এবং মালয়েশিয়ার পুলিশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং, কাউন্টার টেরোরিজম এবং সাইবার ক্রাইম দমনে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সম্মত হন।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের শ্রমিকদের হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় সব সহযোগিতা বাড়ানো হবে বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান আইজপিকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, আইজিপি বেনজীর আহমেদ মালয়েশিয়ায় চার দিনব্যাপী (২৮-৩১ মার্চ ২০২২) অনুষ্ঠিত 'ডিফেন্স সার্ভিসেস এশিয়া ২০২২ এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া ২০২২' প্রদর্শনীতে অংশ নিতে এক সরকারি সফরে সোমবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
