বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জোর করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার বড় বড় উন্নয়নের নামে বড় বড় দুর্নীতি করছে। দুর্নীতি-দুঃশাসনের কারণে দেশের মানুষ কার্যত জিম্মি অবস্থায় রয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। তাই সরকার হটাতে হবে।
গতকাল মঙ্গলবার সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। এ সময় জেলা বিএনপির নতুন কমিটি নির্বাচন করা হয়। সভাপতি হয়েছেন সাবেক যুবদল নেতা আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী।
মির্জা ফখরুল তার ভাষণে বলেন, সরকার দুর্নীতির মহোৎসবে মেতেছে। ১০ হাজার কোটি টাকা দিয়ে শুরু করা পদ্মা সেতুর ব্যয় বাড়তে বাড়তে ৩০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এভাবে মেট্রোরেলসহ বড় বড় প্রকল্পগুলো মূলত আওয়ামী লীগের লুটপাটের পথ প্রশস্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদের দলীয় লোকদের গঠিত সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, প্রকাশ্যে গুলি করে মানুষ খুন করা হচ্ছে। ধর্ষণ-নির্যাতন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর না দিয়ে রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। পুলিশের আইজি রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। ডিএমপি কমিশনারের ন্যূনতম শিষ্টাচার জ্ঞানও নেই।
সামনে বড় লড়াই রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সামনে বড় লড়াই রয়েছে। এ লড়াইয়ে জিততে হবে। দানবীয় সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষকে আওয়ামী লীগের কবল থেকে মুক্ত করতে হবে।
মির্জা ফখরুল সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ গুম হওয়া নেতাদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, অন্যথায় সময়ের ব্যবধানে এর হিসাব আওয়ামী লীগকে দিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মাহবুবুল হক চৌধুরীর যৌথ সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।
