অনুষ্ঠানে ফখরুল

জনগণ দুরবস্থায় প্রধানমন্ত্রী কনসার্টে গান শুনছেন

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:৫৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দেশের জনগণ দুরবস্থার মধ্যে রয়েছে। তারা ট্রাকের পেছনে টিসিবির পণ্য কেনার জন্য ছুটছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর কনসার্টে গান শুনছেন।’

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সদ্য কারামুক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, একদিকে মানুষ টিসিবির ট্রাকের পেছনে লাইন দিচ্ছে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ককে নিয়ে এসে কনসার্টে গান শুনছেন, নিজে ভিডিও করছেন এবং সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমাদের ব্যুরোক্রেটরা (আমলা), তারা পরিবারসহ ঢাকা-টরেন্টো ফ্লাইটে যাচ্ছেন, সেই ফ্লাইটে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে।’ তিনি বলেন, ‘নায্যমূল্যে পণ্য কেনার কার্ড দিয়েছে সরকার। খুব জোর গলায় বলা হচ্ছে, এক কোটি কার্ড দেওয়া হয়েছে গরিব মানুষদের তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে। আমার ঠাকুরগাঁওয়ে যাকে কার্ড দেওয়া হয়েছে সে হচ্ছেন আওয়ামী লীগের মহিলা দলের সভানেত্রী। তার দোতলা বাড়ি আর তার পাশেই একজন দুস্থ গরিব মানুষ, তার একটা চালাও নেই। সে কোনো কার্ড পায়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন কারা করছে? সাংবাদিকরা করছে না, আইনটা করছে পার্লামেন্টের সদস্যরা। যারা নির্বাচিত হয়নি, যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছেতারা আইন তৈরি করবে সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য। সেটার কি অবস্থা দাঁড়াবে আমরা জানি। আরেকটা হচ্ছে উপাত্ত সংরক্ষণ আইন। ৩৪ পৃষ্ঠার খসড়া দিয়েছে। এ ছাড়া বিটিআরসির মাধ্যমে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারবে সেই আইনও আনছে তারা। সামগ্রিকভাবে একটা পুরোপুরিভাবে কর্তৃত্ববাদী বললে ভুল হবে, ফ্যাসিবাদী একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এই বাংলাদেশ। এখানে কথা বলার কোনো স্বাধীনতা তো নেই, কথা বললে শিরেদও হতে পারেএই রকম একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা আসছে। এগুলো কিন্তু থাকবে। সবসময়ই যুদ্ধ যখন হয়, সংগ্রাম যখন হয় তখন সেখানে দালাল থাকে, তখন সেখানে বিভিন্ন রকমের মানুষ থাকেযারা বিভিন্ন রকমের ফায়দা নিতে চায়। এগুলোকে কাটিয়ে কিন্তু আমাদের এগোতে হবে, এগুলোকে কাটিয়ে আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে। সেটা হতে হবে ইস্পাত দৃঢ় ঐক্য। সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে মুক্ত করব, আমরা সাংবাদিকদের লেখার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব।’

সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে এবং সাংবাদিক আবদুল হাই শিকদার ও শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আখন্দ, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক লুতফুর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, এলাহী নেওয়াজ খান, হাসান হাফিজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

ঢাকায় শনিবার বিএনপির গণঅনশন : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী শনিবার ঢাকায় গণঅনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি হবে।

গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত