শ্রীলঙ্কাকে রক্ষা করতে ভারতের চাল-ডিজেল

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৫:১৪ এএম

শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে বাড়তে থাকা অস্থিরতা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম দিন রাজধানী কলম্বোতে কড়া নিরাপত্তার মধ্যে দোকানপাট খুলতে দেখা গেছে। গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বাহিনীকে সন্দেহভাজন ব্যক্তিদের আটক ও গ্রেপ্তারে অনুমতি দেওয়া কঠোর আইন বলবৎ করেন বলে জানিয়েছে এনডিটিভি। আইনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও জরুরি সেবা নিশ্চিত করার স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতিতে ক্ষুব্ধ কয়েকশ বিক্ষোভকারী গত বৃহস্পতিবার রাজাপাকসের বাসভবনের বাইরে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাজাপাকসের পদত্যাগ দাবি করে এবং পুলিশ ও সেনাবাহিনীর একাধিক যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ৫৩ জনকে গ্রেপ্তার করে এবং বিভিন্ন এলাকার বিক্ষিপ্ত প্রতিবাদ নিয়ন্ত্রণে আনতে শুক্রবার কলম্বো ও এর আশপাশে কারফিউ দেয়। শ্রীলঙ্কা জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বেইল আউট নেওয়ার চেষ্টার পাশাপাশি ভারত ও চীনের কাছে নতুন ঋণ চাওয়া হবে। ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কাছে আমদানিকৃত জ্বালানির দাম পরিশোধ করার মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নেই। জ্বালানি সংকটে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জলাধারের পানি বিপজ্জনক মাত্রায় নেমে যাওয়ায় সেখানেও উৎপাদন সংকট দেখা দিয়েছে। ফলে দেশজুড়ে দৈনিক সর্বোচ্চ ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে সংকটময় পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে ৪০ হাজার টন ডিজেলভর্তি একটি জাহাজ শ্রীলঙ্কার বন্দরে পৌঁছেছে। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্য ভারত ঘোষিত ১০০ কোটি ডলার ঋণসীমার আওতায় এ সহায়তা দেওয়া হয়। দেশটিতে পাঠানোর জন্য আরও একটি জাহাজে ৪০ হাজার টন চাল বোঝাই করতে শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। গতকাল শনিবার সংশ্লিষ্ট দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতিমধ্যে জাহাজে চাল বোঝাই করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত