শিশুকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:২৮ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে শৌচাগারের সেপটিক ট্যাংকে গুম করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার ৯ দিন পর রবিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত আসমা আক্তার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মো. শাহজাহানের মেয়ে।

এ ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন (২২) নামে শিশুর চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বেলা ১২টায় নিজ সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাদাত অপরাধ স্বীকার করেছে। অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুমের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুর একটার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, গত ২৪ মার্চ দুপুরে বাড়ির সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়। ঘটনার পরের দিন শিশুটির বাবা এ বিষয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনার তদন্তকালে শাহাদাতের গতিবিধি ও আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে নজরদারিতে রাখে পুলিশ। সূত্র ধরে পুলিশ শনিবার তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় শাহাদাত পুলিশকে জানায়, ঘটনার দিন সে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে নিজ বসত বাড়ির সামনে থেকে আসমা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় আসমার বাবা ২৫ মার্চ চাটখিল থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে বলা হয়েছে, আসমা সোমবার দুপুর দেড়টার দিকে বসত বাড়ি থেকে বাড়ির সামনে খেলতে যায়। পরবর্তীতে তার কোনো খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, ওই জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে শিশু নিখোঁজ থাকার নয় দিনের মাথায় গত শুক্রবার দিবাগত রাতে নিহত শিশুর আপন চাচাতো ভাই শাহাদাতকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য মতে ঘটনার নয় দিন পর নিহতের বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত