বিদেশে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম আল মামুন (৪৮)। তিনি আইসিএস করপোরেশন নামে একটি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক।
গতকাল সোমবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গ্রেপ্তার আল মামুন দীর্ঘদিন ধরে চাকরিসহ বিদেশে পাঠানোর নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে আসছিল। সেসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিভিন্ন ব্যক্তি তার প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তিনি কম্বোডিয়ায় পাঠানোর নামে সাড়ে ৩ লাখ টাকা করে নিতেন। কিন্তু এরপর ভুক্তভোগীদের বিদেশে না পাঠিয়ে নানা টালবাহানা শুরু করেন। পরে ভুক্তভোগীদের প্রত্যেককেই একটি করে জাল ভিসা দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সিআইডি আল মামুনকে গ্রেপ্তার করে। সিআইডি কর্মকর্তারা জানান, এই প্রতারক চক্রের আরেক সদস্য শহীদুল আলম বিপ্লব এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
