মেডিকেল ভর্তির ফল প্রকাশ, প্রথম খুলনার মীম

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:০৪ এএম

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশে তিনি ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএতে পেয়েছেন ২০০ নম্বর। মীমের বাবা পেশায় একজন সহকারী অধ্যাপক। তার বাড়ি ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামে।

মীমের বাবার নাম মো. মোসলেম উদ্দিন সরদার। তিনি ডুমুরিয়া কলেজের সহকারী অধ্যাপক। তার মায়ের নাম খাদিজা খাতুন। তিনি একজন সরকারি চাকরিজীবী। ২০১৯ সালে যশোর বোর্ডের ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন মীম। ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল (এমএম) সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন তিনি।

মীম বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহতায়ালার রহমতে আজ আমার এ অবস্থান। অবশ্য এত বেশি প্রত্যাশা আমার ছিল না। তারপরও আল্লাহ আমাকে দিয়েছেন। এ সফলতার পেছনে আমার আব্বু-আম্মুর অবদান সবচেয়ে বেশি। আমার জন্য দুটি বছর প্রচুর কষ্ট করতে হয়েছে তাদের। বিশেষ করে আমার আম্মুর কথা বলব। তাকে অনেক কষ্ট করে যশোরের কেশবপুরে যেতে হয় চাকরি করতে। আমার জন্য আম্মু হাসিমুখে সব কষ্ট সহ্য করেছেন। যাতে আমি একটু ভালো করি। আজ তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

মীমের বাবা মোসলেম উদ্দিন সরদার বলেন, ‘গ্রাম থেকে এসে শহরে থেকে মেয়ে এত সুন্দর রেজাল্ট করেছে, এটা আল্লাহর অশেষ রহমত। আমি জানতাম ভালো করবে, তবে এত ভালো ফল করবে সেই প্রত্যাশা করিনি। এ সফলতার পেছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি।’

উত্তীর্ণ ৭৯,৩৩৭ জন : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষার ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন, যা মোট শিক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। তাদের মধ্যে মেয়ে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৫০৪ জন, যা মোট শিক্ষার্থীর ৫৬ দশমিক ০৯ শতাংশ এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন, মোট শিক্ষার্থীর ৪৩ দশমিক ৯১ শতাংশ।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন; যা বিগত যেকোনো বছরের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা বলেন, এ বছর সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে ১ হাজার ৮৮৫ ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে।

তিনি বলেন, বাকিরা মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় দেশের সংকটকালেও আমরা সুষ্ঠুভাবে লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করতে সক্ষম হয়েছি। পরীক্ষাটি গ্রহণে কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য আমরা তিনটি আলাদা শক্তিশালী কমিটি করেছি। প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ছিল। এজন্য বিগত কয়েক বছরের মতো এবারও এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে কোনোরকম অনিয়ম দেখা দেয়নি।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শারফুদ্দিন আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত