কলিন্দ্রেসের জোড়া গোলে বারিধারাকে উড়িয়ে দিল আবাহনী

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৬:৪৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে বড় জয় পেয়েছে আবাহনী ঢাকা। কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসের জোড়া গোলে উত্তর বারিধারাকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।

প্রথমবার বাংলাদেশে এসে ২০১৮-২০ মৌসুম পর্যন্ত বসুন্ধরা কিংসের হয়ে খেলেন কলিন্দ্রেস। মেয়াদ শেষে ফের পুরোনো ঠিকানা ঘরের ক্লাব সাপ্রিস্সাতে যোগ দেন তিনি। তবে বিপিএল খেলতে ফের বাংলাদেশে আসেন এই ৩৭ বছর বয়সী কোস্টারিকান। ২০২১ থেকে আবাহনীর হয়ে খেলছেন তিনি।

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন কলিন্দ্রেস। প্রথমার্ধেই পাঁচ গোল হয় ম্যাচটিতে। ম্যাচের প্রথম মিনিটেই কলিন্দ্রেসের গোল। কোস্টারিকান মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন ১৫ মিনিটে।

তার আগে নাবিব নেওয়াজ জীবনের গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। তবে ১৪তম মিনিটে একটি গোল শোধ দেয় বারিধারা। ২৪ মিনিটে আবাহনীর চতুর্থ গোল করেন জুয়েল রানা। ৬১ মিনিটে পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন রাফায়েল অগাস্তো।

এর ৭ মিনিট পর আরিফ হোসেনের গোলে আবারও ব্যবধান কমায় বারিধারা। তবে নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে তারা। লাল কার্ড দেখেন বদলি হিসেবে মাঠে নামা গোলরক্ষক মোহাম্মদ আজাদ হোসেন।

এই দাপুটে জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে ‍উঠে এসেছে আবাহনী। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২২। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২১ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে শেখ জামাল। ৮ পয়েন্ট নিয়ে নয়ে বারিধারা।

লিগের আরেক ম্যাচে ৩-৩ গোলে রোমাঞ্চকর ড্র করেছে বসুন্ধরা কিংস-শেখ জামাল।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত