শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ক্রিস সিলভারউড। শনিবার (৯ এপ্রিল) এই ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করা রুমেশ রতনায়াকের থেকে দায়িত্ব বুঝে নেবেন সিলভারউড। শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে তার প্রথম কাজ হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ। এরপর ৪৭ বছর বয়সী কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে।
ইংল্যান্ডের হয় ৬ টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন সিলভারউড। এর আগে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের। ২০১৯ সালের অক্টোবরে ইংলিশদের ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ ট্রেভর বেইলিসের স্থলাভিষিক্ত হন তিনি। কিন্তু ২০২১-২২ মৌসুমের অ্যাশেজে জো রুটরা ৪-০ ব্যবধানে হারের পর চাকরি ছাড়েন সিলভারউড।
১৫ থেকে ২৭ মে পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা।
