ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ে অবনমন এড়ানোর আশা বাঁচিয়ে রাখল এভারটন। ঘরের মাঠ গুডিসন পার্কে রেড ডেভিলদের ১-০ গোলে হারিয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল এভারটন। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়ে দেখেনি ইউনাইটেড।
পুরো ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেসদের বোতলবন্দী করে রাখে ল্যাম্পার্ডের শিষ্যরা। ২৭তম মিনিটে গোলের দেখা পায় এভারটন। ঘরের দর্শকদের উদ্যাপনের উপলক্ষ এনে দেন অ্যান্থনি গর্ডন।
এই জয়ে পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে আছে এভারটন। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সাতে আছে ইউনাইটেড। লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোয় শীর্ষ চারে থাকাটাই এখন ফিকে হতে বসেছে রাল্ফ রাংনিকের শিষ্যদের।
