কোনদিকে তাকিয়ে থেকে ক্যাচ ছাড়লেন মিরাজ!

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৬:০৭ পিএম

দ্বিতীয় ইনিংস শুরুর মাত্র দ্বিতীয় বলে জীবন পান দক্ষিণ আফ্রিকার ওপেনার সারেল এরউই। পেসার এবাদত হোসেনের বলে ক্যাচ মিস করে বসেন ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজ।

ফিল্ডিংয়ের সময় অন্যমনস্কতার কারণে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি ২৪ বছর বয়সী অলরাউন্ডার। উল্টো তাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। এবাদতের গতিময় বল এরউইর ব্যাট ছুঁয়ে এসে লাগে মিরাজের পাঁজরে। সঙ্গে সঙ্গে ব্যথায় বসে পড়েন তিনি।

হয়তো কিছুক্ষণের জন্য নিশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল তার। চোখে ঝাপসাও দেখছিলেন। সতীর্থরা এসে ঘিরে ধরে মিরাজকে। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। 

এরউইর ব্যাট ছুঁয়ে আসা বলটি পয়েন্ট অঞ্চলের দিকে যাচ্ছিল মনে করেছিলেন মিরাজ। সেদিকেই তাকিয়ে ছিলেন তিনি। কিন্তু বল উড়ে এসে লাগে তার পাঁজরে। অবশ্য চোট তেমন গুরুতর নয়। কিছুক্ষণ পর মাঠে ফিরে বল হাতে নেন মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৩৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা লিড নিয়েছে ২৭১ রান।

এর আগে দিন শুরু করে ২১৭ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। টাইগারদের ফলোঅনে না পাঠিয়ে ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিক দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত