রোনালদো কান্ড

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০:৫৫ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার এভারটনের কাছে হারের পর নিজের মেজাজ হারান ক্রিশ্চিয়ানো রোনালদো। ড্রেসিং রুমে ফেরার সময় এক সমর্থকের ফোনে আঘাত করেন। পরে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ওই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন। এভারটনের মাঠে ম্যানইউয়ের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পায়ে বুটের স্পাইকের আঘাত পাওয়া রক্তাক্ত পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বের হয়ে ড্রেসিং রুমে ঢোকার ঠিক আগে এক দর্শকের ফোনে আঘাত করেন রোনালদো। এতে ফোনটি আছড়ে পড়ে মাটিতে। রোনালদো ক্ষমা চেয়ে বলেন, ‘যে ধরনের পরিস্থিতির মোকাবিলা আমরা করছি, এরকম কঠিন পরিস্থিতিতে আবেগ সামলানো সহজ নয়। তবে যাই হোক, আমাদের শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে এবং নান্দনিক এই খেলাকে ভালোবাসে যে তরুণরা, তাদের সামনে উদাহরণ তৈরি করতে হবে। আচমকা ক্ষিপ্ত হওয়ার জন্য আমি ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত