৯ মাস ধরে বেতনভাতা ও বোনাস পাচ্ছেন না দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অনার্সের নন-এমপিভুক্ত ৬১ শিক্ষক ও ৫ জন কর্মচারী। শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণেই তারা বেতনভাতা থেকে বঞ্চিত। এমন অবস্থায় বেতনভাতা পরিশোধের দাবিতে গতকাল রবিবার অধ্যক্ষ সৈয়দ রেদওয়ানুর রহমানকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন ভুক্তভোগীরা। চার ঘণ্টা অবরুদ্ধ রাখার পর বেতনভাতা পরিশোধের আশ্বাসে মুক্ত হন তিনি।
দিনাজপুর অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ সূত্রে জানা যায়, গত বছর জুলাই মাস থেকে বেতন-বোনাস পাননি দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের ৬১ শিক্ষক ও ৫ কর্মচারী। এর মধ্যে দুই কর্মচারী বেতন না পাওয়ায় চাকরি ছেড়ে দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সৈয়দ রেদওয়ানুর রহমান বলেন, ‘৯ মাসের বেতনভাতা বন্ধ আছে গভর্নিং বডির সিদ্ধান্তের অপেক্ষায়। প্রশাসনিক জটিলতাও আছে। একমাত্র টিউশন খাত থেকে শিক্ষকদের বেতন দেওয়ার নিয়ম আছে। অন্য খাত থেকে দিলে গভর্নিং বডির অনুমোদন লাগে। যদিও একপর্যায়ে অন্য খাত থেকে বেতন প্রদানের সিদ্ধান্ত হয়। কিন্তু কলেজের সভাপতি ডিসি স্যারের কাছে চেক পাঠানো হলে সেটি আটকে যায়।’
