করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে ঢাকার সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী। গতকাল রবিবার দুপুরের এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের একপাশ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, ১টার পর টিকা না দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে দর্শন বিভাগের মো. ইমন এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. মাজেদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বাগবিতন্ডা হয়। স্বাস্থ্যকর্মীরা তাদের পিটিয়ে সাভার মডেল থানায় নিয়ে যায়। তারা এখন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই দুই শিক্ষার্থী জোর করে টিকা নিতে গেলে বাগবিতন্ডা হয়। পরে স্বাস্থ্যকর্মীরা তাদের থানায় নিয়ে যায়। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেব।’
