এশিয়ান হাইওয়ের রূপগঞ্জ অংশের কেন্দুয়া-কাঞ্চন অংশ প্রশস্তকরণে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। একপর্যায়ে তারা কিছুক্ষণ এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে রাখেন। গতকাল সোমবার বেলা ২টার দিকে এশিয়ান হাইওয়ের উপজেলার কাঞ্চন মায়ারবাড়ি স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, এশিয়ান হাইওয়ের কেন্দুয়া-কাঞ্চন মৌজা পূর্বাচল উপশহর লাগোয়া হওয়ায় এখানকার জমির দাম এখন আকাশছোঁয়া। এখানকার জমির দাম কোথাও ২৫ লাখ টাকা শতক আবার কোথাও ৪০ লাখ। নারায়ণগঞ্জ সওজ এশিয়ান হাইওয়ে প্রশস্তকরণের লক্ষ্যে জমি অধিগ্রহণ বাবদ জমির দাম নির্ধারণ করেছে মাত্র ৪ লাখ ৯০ হাজার টাকা শতক।
তারা বলেন, সড়ক প্রশস্ত করার কারণে এলাকার প্রায় ১৫০ পরিবার নিঃস্ব হয়ে যাবে। জমির ন্যায্যমূল্য না পেলে পরিবারগুলোকে পথে বসতে হবে।
পরে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম এলাকাবাসীর দাবি নিয়ে সওজের সঙ্গে কথা বলে সমাধানের আশ^াস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
