ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘রাজধানীর তীব্র যানজটের জন্য মূলত বিভিন্ন বিভাগের সমন্বয়হীনতা দায়ী। এই যানজট থেকে রেহাই পেতে হলে সমন্বিতভাবে কাজ করতে হবে। যানজট নিরসনে সংশ্লিষ্ট সব বিভাগের সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি প্রধান কার্যালয় নগর ভবনে মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্তকরণের লক্ষ্যে বিআরটিসির সঙ্গে ডিএনসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা নিজেরাই অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন ও স্থাপনা গড়ে তোলার মাধ্যমে তীব্র যানজট সৃষ্টি করেছি। অতএব পরিকল্পিতভাবে আমাদের কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সমস্যা সমাধান সম্ভব নয়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, সাত মসজিদ রোড, বেড়ী বাঁধ বাঁশবাড়ী সড়ক এবং শেরেবাংলা রোড থেকে আগত যানবাহন নির্বিঘ্নে চলাচল, যানজট নিরসন এবং নিরাপদে পথচারী চলাচলের সুবিধার জন্য মোহাম্মদপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্তকরণে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পক্ষে চেয়ারম্যান মো. তাজুল ইসলাম উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
