সংস্কৃতির সন্ধানে খোসা থেকে আঁটিতে

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১:০১ পিএম

বছর কয়েক আগে স্থির করলাম শহর এবং শহরের প্রান্তের ‘সংস্কৃতির’ সন্ধান করব বাংলা ও বাঙালি সংস্কৃতি। বাংলা ভাষার আগে তো আ-মরি চলে, কিন্তু সংস্কৃতির আগে? সম্ভবত ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’ বা ‘আবহমান’। দিনটি ছিল ২০১৫-এর ১৪ এপ্রিল। রাষ্ট্রীয় ক্যালেন্ডারে পহেলা বৈশাখ হলেও দেশজুড়ে বাংলাপঞ্জিকা চর্চাকারীরা এ দিনে পালন করেন চৈত্রসংক্রান্তি। দেশের ছয় ভাগের এক ভাগ জুড়ে হাওর জলাভূমি। হাওরাঞ্চলে এ দিন বেগুন পাতার বর্ত দিয়ে চইত পরব আয়োজিত হয়। পাহাড়ে ম্রোদের চানক্রান, চাকমাদের মূল বিজু, ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই আর চাকদের সাংগ্রাইং শুরু এ দিনেই। বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা বিষু আর হাজংদের হঙঅরানীও। দেশজুড়ে এদিন গ্রামীণ জনপদে চৈত্রসংক্রান্তি হলেও; শুধু নগরে পান্তা-ইলিশ, সাদা-লাল পোশাকের সমারোহ আর বাংলা নববর্ষ হিসেবে রাষ্ট্রীয় ছুটি।

সবকিছু গুঁড়িয়ে ভুঁড়িওয়ালা নতুন এক সড়ক বাড়ছে মোহাম্মদপুরে। প্রবীণবট-পাকুড়ের শেষ চিহ্নটিও উপড়ে ফেলা হয়েছে। সড়ক, সেতু, দালান এসবের জন্য কত জীবন যায়। এ কোনো দোষের কিছু নয়! যশোর থেকে আসা একটি দল বেশ কিছুদিন হয় এখানে লটারি খেলা জমিয়েছে। মূলত গার্মেন্টস শ্রমিক, রিকশাওয়ালা আর দিনমজুরই খেলার সম্বল। কথা হয় ইদ্রিস, সেন্টু, জনি, করিম, সোহেল রানা আর মুকতাদিরের সঙ্গে। জনি আগে একটা সেলুনে কাজ করত, মাস-সাতেক হলো জুতার দোকানে কাজ নিয়েছে। বাকিরা গার্মেন্টসে। পরনের পোশাকে সাদা-লালের ঝাপ্টা, সস্তা পাঞ্জাবি। তারা একসঙ্গেই ‘বুদ্ধিজীবীতে’ থাকেন, সবেমাত্র চারুকলার মঙ্গল শোভাযাত্রা থেকে ফিরেছেন। সেন্টু আর মুকতাদিরের হাতে ভুভুজেলা।

জিজ্ঞেস করি, রমনার ‘বটমূলে’ বর্ষবরণ অনুষ্ঠানে যাননি? ভুভুজেলা থামিয়ে তাদের উত্তর, নারে ভাই ঐখানে আমরা যাবার পারি না। শুনছি ভালা মাঞ্জা না মারলে ঐখানে ঢোকা যায় না। বোমা মাইর‌্যা নাকি মাঝেমাঝে উড়াইয়্যা ফালায়। কী খাইলেন সকালে? ‘ভাবছিলাম পান্তা-ইলিশ খামু, দাম মেলা, পারি নাই।’ ‘একটা তরমুজ কিনছি আর দুই কেজি পোলট্টি, আয়েন আমাগো লগে, দাওয়াত নেন’।

সেন্টুদের আওয়াজ না মেলাতেই চারপাশ থেকে উঠতি বয়সের ছেলেরা নয়াসড়কপ্রত্যাশী দুমড়ানো এলাকাটিকে ভুভুজেলাময় করে তুলে। দেখা হয় সুদেবের সঙ্গে। কাঁটাসুরে ১ থেকে ১০০ নামের একটি দোকানে কাজ করে। কপালে তিলক, পরনে লাল পাঞ্জাবি। জিজ্ঞেস করি, নববর্ষ করেননি? সুদেব উত্তর দেয়, আজ আমাগো সংক্রান্তি, গতকাইল হাজরা আর দেলপূজা গেছে, নববর্ষ তো কালকে। সকালে আম আর ছাতু খাইছি। সুদেব থেকে খবর পাই আঁটিবাজার ছাড়িয়ে খোলামোড়ায় চড়কপূজা হচ্ছে। কয়েকটা বৃষ্টির ফোঁটা পড়ে। সাদা পলিথিন উড়িয়ে সুদেব চিৎকার দিয়ে জানায়, শহরে কিচ্ছু পাইবেন না, এইডা খালি খোসা আর চিমসা আবর্জনা, গেরামে যান, গেরামে সেইরাম সব কালচার মিলব।

সুদেবের কথায় ভর করে শহরের খোসা মাড়িয়ে সংস্কৃতির বীজ-আঁটির ভা-ার ‘গ্রামের’ দিকে রওনা হই। মনে পড়ে বিভূতি’র পথের পাঁচালির ক্ষুদে সংস্করণের নাম দেওয়া হয়েছিল, আম-আঁটির ভেঁপু। মোহাম্মদপুর থেকে সিএনজিতে রওনা হই আঁটিবাজার। সঙ্গে আলোকচিত্রী ও কিউরেটর আমিরুল রাজিব, শিল্পকর্মী নাঈম-উল-হাসান আর প্রামাণ্যচিত্রী আনোয়ার হোসেন।

আঁটিবাজারে নেমে বিচিত্র এক ইঞ্জিনচালিত যানে খোলামোড়া। খোলামোড়ার মিষ্টির দোকানগুলোর নাম ও সাজিয়ে রাখা খাজা-গজার স্তূপ জায়গাটিকে অবিনাশী ঢাকা শহর থেকে নিমিষেই আলাদা করে দেয়। ভাগ্যলক্ষ্মী মিষ্টির দোকানের পাশের দেয়ালে সাঁটা চড়ক পূজার পোস্টার দেখে মন কেমন করে, চড়ক হবে পরের দিন। ঘাম ঝরিয়ে চড়ক আয়োজকদের পাড়ায় যাই। বুড়িগঙ্গা নদীর ধারে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের খোলামোড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এবারই প্রথম হবে এই চড়ক পূজা। খোলামোড়া হিন্দুপাড়াটি ‘দেলবাড়ি’ নামেও পরিচিত। এখানে শিবমন্দির ও রাধা-কৃষ্ণ মন্দির। শিবমন্দিরে দেলপূজা শেষ হয়েছে, শেষ হয়েছে হাজরাও। নারীরা জানালেন চৈত্রসংক্রান্তির ভোরে ৫টি বেগুন পাতায় ছাতু, কাঁচা আম, মুড়ি, খই, দই, কলা, মোয়া রেখে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন। হনুমান কাচ ও শ্মশান পূজাও হয়েছে। এসব প্রতি বছরই হয়। কিন্তু চড়ক পূজা হয় না দীর্ঘদিন। কারণ এখানে কোনো চড়কগাছ নেই, গাছ পানির তলায় বিশ্রাম নেওয়ার কোনো পবিত্র পুকুর দিঘি বা নদী নেই। শহরের দূষণে বুড়িগঙ্গা আজ আবর্জনার পাগাড়।  খোলামোড়ার চড়কের মূল আয়োজক শোলাশিল্পী শংকর সরকারের ভাষ্য, বুড়িগঙ্গা এখন চড়কগাছ থাকার জন্য যোগ্য না।

একটা বিশাল তরমুজ কেটে আমাদের আপ্যায়ন করেন নারীরা। ফেরার পথে শিবমন্দিরের ভেতর ছোট-বড় ত্রিশূলে গাঁথা সিঁদুরমাখা কাঁচা আম আর লালসালু জড়ানো পাট ঠাকুরের রূপকল্পটি বারবার স্মৃতিকে দেশের নানাপ্রান্তে টেনে নিয়ে যায়। 

খোলামোড়া থেকে পাড়াগলির ভেতর দিয়ে হেঁটে মালঞ্চা গ্রামে, গ্রামটি শাকতা ইউনিয়নে পড়েছে। চারপাশে দেশের নানান অঞ্চল থেকে আসা গ্রাম-উদ্বাস্তু মানুষদের বসতি ঘিঞ্জি দিয়ে উঠেছে। কে কার আগে কত নির্দয়ভাবে কৃষিজমির গলা টিপে ধরতে পারে তার মহড়া চলছে।

চড়ক না পেয়ে মালঞ্চা তিননাথের মাঠে চৈত্রসংক্রান্তির মেলায় ঢুকি। প্রায় ১৭৩ একর জায়গায় ৩৩ শতক একটি মন্দির, ত্রিনাথের। প্রবীণ এক বট-কদমের বিস্তার, তলায় শীতলা থান ও ত্রিনাথের মন্দির। বছরে তিনবার এখানে মেলা জমে। চৈত্রসংক্রান্তিতে, মঙ্গলচ-ীর মেলা আর পৌষ-সংক্রান্তিতে। মেলা আয়োজকদের পক্ষে বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ ক্যামেরাপারসন কৃষ্ণ চন্দ্র সরকার জানান, দেশ স্বাধীনের আগে এই মেলা বড়ই আচারের জন্য বিখ্যাত ছিল। সচরাচর দেশের অন্য মেলার মতোই প্লাস্টিক, চটপটি আর সস্তা প্রসাধনী এ মেলাকেও জাপটে ধরেছে। সন্ধ্যায় শেষ হয়ে যাবে বলে মুসলিম-হিন্দু নারীদের ভিড় কেনাকাটায়।

মেলা থেকে হেঁটে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে যাই। রিকশা ও সিএনজিতে আঁটিবাজার, সেখান থেকে আবার মোহাম্মদপুর। কাঁটাসুরে রবি রবিদাসের জুতার দোকান। তার কাছে আঁটিযাত্রার বিবরণ তুলে ধরি। রবি রবিদাস জানান, পাট ঠাকুর বানায় নিম কাঠ আর চড়কগাছ বানায় গজারি কাঠ দিয়া। একটু ঊনিশ-বিশ হইলেই এইগুলা আর কাম দিবো না। এইগুলা খুব মানা-মানতির বিষয়। গাস্যির দিন এই তন্ত্রমন্ত্র গুরু শিষ্যরে দান করে।

রবি রবিদাসের সঙ্গে কথার মিল খুঁজে পাই আঁটি অঞ্চলের। খোলামোড়া ও মালঞ্চা গ্রামের প্রবীণরা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও মৈনট, ঢাকার কেরানীগঞ্জ ও হেমায়েতপুর, মানিকগঞ্জের হরিরামপুর ও সিঙ্গাইর, মাদারীপুরের শিবচর অঞ্চলগুলোতে ঋতুভিত্তিক কৃত্য ও আচার-অনুষ্ঠানে বেশ মিল। চৈত্রসংক্রান্তি, বেড়া ভাসানো, মঙ্গলচন্ডী, কালীপূজা, গাস্যি আয়োজন প্রায় একই রকমের। এমনকি এসব কৃত্যানুষ্ঠানে এখনো বাঙালি হিন্দু-মুসলিম সবারই অংশগ্রহণ থাকে। বর্ষবিদায়ের চৈত্রসংক্রান্তির কেন্দ্রীয় উপাচার এ অঞ্চলে কাঁচা আম। হাজরা ও দেলপূজায় আমের শরীরও বাণ এবং শলাকাবিদ্ধ করা হয়, রাঙা সিঁদুর মাখানো হয়। চড়ক পূজায় বড়শির ফলায় কাঁচা আম গেঁথে দেওয়া হয়। আমসহ বড়শির ফলাগুলোই সন্ন্যাসীরা পিঠে গেঁথে চড়কের গাছে চড়েন। গাছ ঘুরানোর পর সেই আম ফলা থেকে খুলে নেওয়ার জন্য বিশ্বাসী ভক্তদের ভেতর রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়।

স্থানীয় বিশ্বাস চৈত্রসংক্রান্তির এই কাঁচা আম খেলে রোগশোক ভালো হবে, সব বিপদ ও পাপমুক্তি ঘটবে, জগৎসংসার সুখে-শান্তিতে ভরপুর থাকবে। অনেকে ত্রিশূল, বাণ ও শলার গায়ে কাঁচা আম ঘষা দিয়ে নেয়। গ্রীষ্ম ঋতুর উপহার এ আম ফলকে স্থানীয়রা প্রকৃতির এক নিরাময়ী নির্দেশন হিসেবে মানেন। চৈত্রসংক্রান্তির আগে এ অঞ্চলে সচরাচর কাঁচা আম খাওয়া হয় না। বিশ্বাস করা হয়, প্রকৃতি তার সঞ্জীবনী শক্তি কাঁচা আমের মাধ্যমে মানুষের ভেতর প্রবাহিত করে সংক্রান্তির নানা কৃত্যের ভেতর দিয়ে।

রবি রবিদাসের দোকানে ঢুকে অনেকেই জিজ্ঞেস করে, হালখাতা করেননি, জিলাপি-মিষ্টি কই? চামড়ায় সুঁই বিঁধিয়ে সুতোকে চক্কর দিয়ে মিনমিন করে রবি রবিদাস জানান, না এইবার কুলায় নাই, হাতে টেকা পয়সা নাই, বেচা বিক্রি নাই। দোকান লাগিয়ে চলে যাওয়ার সময় রাতে আবার রবি রবিদাসের সঙ্গে দেখা। বলেন, কাইল মাস পইলা, সকাল সকাল আইয়া দোকান খুলমু, দোকানরে ধূপ-বাত্তি খাওয়ামু, সমাজের নিয়ম কিছু তো মাইন্যা চলতে হয়। বাসায় ফিরতে ফিরতে ভাবি, কে কার কোন নিয়ম মানছে? সমাজের নিয়ম বলে কি আছে কিছু এই পাষ- শহরে? মালঞ্চা, খোলামোড়া, কালিন্দি, শাকতা, শিকারীটোলা, বামনশুর এসব গ্রামের মতো সমগ্র কেরানীগঞ্জই ছিল বুড়িগঙ্গা অববাহিকার এক নিম্নসমভূমি। জ্যৈষ্ঠ থেকে কার্তিক পর্যন্ত বর্ষার পানিতে ডুবে থাকত জমিগুলো। লক্ষ্মীদীঘা, বাওয়াইল্যা, নেওলা, বাওয়াইঝাঁক ধানের জন্য বিখ্যাত ছিল এ অঞ্চল। পাট, গম, সরিষা, কালাই, ডাল, সরিষা ফলত দেদার। মালঞ্চা গ্রামটি ট্রাংকের গ্রাম হিসেবে সুনাম কুড়িয়েছিল। এখন আর এসবের কোনো চিহ্ন নেই। কৃত্য, আচার-অনুষ্ঠান, পার্বণ তো আর এমনি এমনি হয় না। উপাচার, স্থান, চর্চা আর কারিগর লাগে।

পুরো কেরানীগঞ্জকে খুন করে শহরের বহুজাতিক বাণিজ্য বাহাদুরি এর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। মালঞ্চা গ্রামের ট্রাংক নির্মাতা শনিরাম ম-ল চৈত্রসংক্রান্তির মেলায় ত্রিনাথের মাঠে হাতের তালুর ভর রেখে জানিয়েছিলেন, এখন কেউ ট্রাংক ব্যবহার করে না, এখন ব্যাগ আসিছে, ভাদ্র মাসে টুনি ফুল দিয়া ট্রাংকের সব সরঞ্জাম পূজা দিতাম। এখন টুনি ফুলও নাই ট্রাংকও নাই, পূজাও ভাগিছে’।

রাতে বাসায় ফিরতে ফিরতে মনে পড়ে, ‘আমরা যা করি তাই সংস্কৃতি’। কিন্তু যদি জবরদস্তি করে কোনো কিছু বদলে ফেলা হয়, আড়াল করা হয়, নিষেধ করা হয়, দখল করা হয়, চাপিয়ে দেওয়া হয়, বৈষম্য করা হয়, উধাও করা হয় এমনতর সবকিছুই কি সংস্কৃতির অংশ হয়ে থাকবে? প্রশ্নহীন ‘আ-মরি’ ও ‘আবহমানতার’?

লেখক গবেষক ও লেখক

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত