বেতনের জন্য মাদ্রাসায় তালাবদ্ধ দুই শিশু শিক্ষার্থী

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০১:২১ এএম

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের জন্য দুই শিশু শিক্ষার্থীকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে হাজী আবেদ আলী লেন আদমজী নতুন বাজার এলাকার দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার খাদেমের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

শিশু দুটির বাবা জামাল হোসেন বলেন, করোনায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই সন্তানের ছয় মাসে ২৪ হাজার টাকা বেতন বকেয়া হয়। মাদ্রাসার খাদেম টাকার জন্য চাপ দিতে থাকলে কয়েক দিন আগে কিছু টাকা দিয়ে বাকিটা ঈদের আগে পরিশোধের প্রতিশ্রুতি দিই। সোমবার দুপুরে আমার বড় মেয়ে ছোট দুই সন্তানকে বাড়ি আনতে মাদ্রাসায় গেলে খাদেম টাকা ছাড়া তাদের যেতে দেবেন না বলে জানিয়ে দেন। পরে সন্ধ্যায় খবর পাই আমার দুই সন্তানকে মাদ্রাসায় তালাবদ্ধ করে আটকে রাখা হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে মাদ্রাসায় গিয়ে স্থানীয়দের সহায়তায় সন্তানদের উদ্ধার করি।

মাদ্রাসার খাদেম মুফতি মাহমুদুল হাসান বলেন, ‘সবাই ইফতারের জন্য বাইরে গিয়েছিলাম। তখন কেউ না থাকায় তাদের তালাবদ্ধ করে রাখা হয়। বেতনের জন্য নয়।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, ‘বেতনের জন্য তালাবদ্ধ করে রাখার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত