পুলিশের সামনে কুপিয়ে হত্যা

নেপথ্যে গরুর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০১:৪৬ এএম

পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। শেরপুরের শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামের এ বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। এ ঘটনা ঘটে গত ২৩ মার্চ। হালুয়াহাটি গ্রামে পূর্বশত্রুতার জেরে শেখবর আলীকে (৪৫) প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে গলা কেটে হত্যা করে সাইফুল নামে একজন। এ সময় আহত হয় আরও দুজন। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায় পাঁচ বছর আগে ভারতীয় চোরাই গরুর ব্যবসা নিয়ে মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকোর সঙ্গে শেখবর আলীর বিরোধ দেখা দেয়। জিকো গরুপ্রতি এক হাজার টাকা দাবি করলে তা দিতে রাজি হয়নি শেখবর। এ নিয়েই একদিন কথা কাটাকাটির একপর্যায়ে জিকোকে মারধর ও দা দিয়ে গলায় কোপ দেয় শেখবর। এ ঘটনার জেরে শেখবর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে ঢাকা চলে যায়। তার অনুপস্থিতিতে জিকো ও তার লোকজন জায়গা-জমি, ঘরবাড়ির দখল নেয়। শেখবর বিভিন্নভাবে জমি ও ঘরবাড়ি উদ্ধারের চেষ্টা চালাতে থাকে। এরই মধ্যে জিকোরা শেখবর আলীর কয়েকটি গাছ কেটে নিলে গত ২২ মার্চ থানায় জিডি করেন তার মা মাহফুজা বেগম (৬৫)। মায়ের কাছে ঘটনা শুনে ২৩ মার্চ সকালে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামে ফেরে শেখবর। একই দিন জিডির ঘটনা তদন্তে যাচ্ছিলেন শ্রীবরদী থানার এসআই ওয়ারেজ আলী। রাস্তা থেকে পুলিশের গাড়িতে উঠে ঘটনাস্থলে যায় শেখবর।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে জিকো ও সাইফুল। এ ঘটনায় পুলিশের এসআই ওয়ারেস আলীকে ক্লোজড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত