রমজানে সকাল ৮টা থেকে রাত ৮টা ভারতীয় ভিসা সেন্টার খোলা

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০১:২৫ পিএম

রমজান মাস জুড়েই ভারতীয় হাইকমিশনের সব ভিসা কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বুধবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইট এই তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার থেকে পুরো রমজান সমস্ত আইভিএসি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়া হবে। আর বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, করোনার পর থেকেই ভারতীয় ভিসা সেন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর রমজানে ভিড় আরও বেড়েছে। এর ফলে ভিসা সেন্টারগুলো বাড়তি সময় খোলা রাখার সিদ্ধান্ত হয়। 

করোনা মহামারির কারণে দুই বছর পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।

এরপর ২০২০ সালের মে মাস থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালু হয়। এ সময় বন্ধ থাকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে গত বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল।

চলতি বছরের ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট‌ও স্বাভাবিক হয়েছে ভারতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত