রাজাকারের তালিকা তৈরিতে নতুন সাব কমিটি, আগের কমিটি বাতিল

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৯:৫৪ পিএম

রাজাকার-আলবদরের তালিকা তৈরিতে গঠিত আগের সংসদীয় সাব কমিটি বাতিল করে নতুন সাব কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

কোরামের অভাবে ৬ সদস্যের আগের কমিটি বৈঠক করতে না পারায়, এবার ছোট আকারে ৩ সদস্যের নতুন সাব কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির সভাপতি শাজাহান খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

শাজাহান খান বলেন, ‘কোরামের অভাবে আগের কমিটি নিয়মিত সভা করতে পারেনি। এ জন্য আমরা ওই কমিটি ভেঙে দিয়ে ৩ সদস্যের ছোট কমিটি গঠন করেছি।’

আগের সাব কমিটির মতো এ কমিটিতেও শাজাহান খান আহ্বায়ক আছেন। অপর দুই সদস্য হলেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও আওয়ামী লীগের সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম।

রাজাকার-আলবদরের তালিকা তৈরিতে এর আগে গত ২০২০ সালের ৯ আগস্ট সাব কমিটি গঠন করা হয়েছিল। শাজাহান খানের নেতৃত্বাধীন ওই সাব কমিটির অন্য সদস্যরা ছিলেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম, রাজিউদ্দিন আহমেদ রাজু, এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোসলেম উদ্দিন আহমেদ।

কমিটির সভাপতি শাজাহান খান জানান, আগের সাব কমিটি গঠনের পর রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল। …জেলা থেকে যে তালিকা সরবরাহ করা হয়েছিল, তার বেশিরভাগই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। অনেক জেলায় রাজাকার নেই এমন তথ্য জানানো হয়। এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।

এদিকে তৃণমূল পর্যায় থেকে রাজাকারদের তালিকা সংগ্রহে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি শাজাহান খান নিজস্ব ব্যবস্থাপনায় রাজাকারদের তালিকা সংগ্রহ করছেন। এ ক্ষেত্রে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে এই তালিকা সংগ্রহ করা হচ্ছে।

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক  শাজাহান খান জানান, সংগঠনের মাধ্যমে ১৩০টি উপজেলা থেকে রাজাকারদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ওই তালিকা আমরা অধিকতর যাচাই করার জন্য আবারও তাদের কাছে পাঠিয়েছি। সেটি ফেরত এলে সেটা যাচাই-বাছাই করে সংসদীয় কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে।

এদিকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সম্প্রচারকারী চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতিস্তম্ভ তৈরির লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ৪টি চিঠি দেয়া হলেও তাতে সাড়া না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

কমিটি সভাপতি এ বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা কেন চিঠির জবাব দেয়নি, তার ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আবুল হাসানাত আবদুল্লাহ, মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত