ময়নাতদন্ত প্রতিবেদন

রাজশাহীর ২ সাঁওতাল কৃষকের মৃত্যু কীটনাশক পানে

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০:৩১ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল সম্প্রদায়ের দুই কৃষকের মৃত্যু কীটনাশক পানে হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।  

ডা. কফিল উদ্দিন বলেন, ‘আমরা লাশের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে ভিসেরা রিপোর্টের জন্য ল্যাবে দিই। ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি। ভিসেরা রিপোর্টে দুজনের শরীরে অর্গানো ফসফরাস যৌগ নামে এক ধরনের বিষের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষপানেই তাদের মৃত্যু হয়েছে।’

জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন। এখন তারা মামলার অভিযোগপত্র দিয়ে দেবেন। 

ওসি বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পাওয়া গেছে। নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন কোনো নিয়ম মেনে পানি দেননি। লোকজনের সঙ্গে কথা বলে ও জমির অবস্থা দেখেও তার সত্যতা পাওয়া গেছে।

গত ২৩ মার্চ সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে সেচের পানি না পেয়ে দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৬) ও রবি মারান্ডি (২৭) বাড়ি ফিরে বিষপানের কথা জানান। ওই রাতেই অভিনাথের মৃত্যু হয়। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ মারা যান তার চাচাতো ভাই রবি মারান্ডি।

পরিবারের দাবি, দীর্ঘদিন ঘুরেও সেচের পানি না পেয়ে ক্ষোভে তারা নলকূপের সামনেই বিষপান করেন। 

এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম এবং রবির ভাই সুশীল মারান্ডি বাদী হয়ে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে পৃথক মামলা করেন।

পরে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। তাকে নলকূপ অপারেটরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

কৃষি মন্ত্রণালয়ের একটি কমিটি ঘটনা তদন্ত করে ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত