জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়সিং গ্রামের আবদুল আজিজ ও তার শিশুকন্যা জান্নাত হত্যার প্রধান আসামি আজাহার ও মোহাম্মদ আলী জিন্নাহসহ সব আসামির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে উপজেলার কৃষ্টপুর ব্রিজপাড় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এ হত্যাকা-ের পর থানায় মামলা হওয়ায় আসামিরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। তারা মামলা না ওঠালে আরও খুনখারাবি করবে বলেও হুমকি দিচ্ছে। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির জোর দাবি জানান।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ সকালে কৃষ্টপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদী থেকে আবদুল আজিজ ও তার ৫ বছরের শিশুকন্যার লাশ উদ্ধার হয়।
