চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:০৪ পিএম

টাঙ্গাইলে ট্রাক চাপায় রেজাউল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ মোটরসাইকেল আরোহী।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার গানসাড়া ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলীপাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)।

নিহত রেজাউল ভূঞাপুরের গাবসাড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলার সমর্থক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফিরছিলেন। বহরটি মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল নামের ওই সমর্থক নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত