আলোচনা সভায় তথ্যমন্ত্রী

মুজিবনগর দিবস পালন না করা মুক্তিযুদ্ধকে অস্বীকার

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:৪৭ এএম

বিএনপি ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন করে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মুজিবনগর দিবস পালন না করা প্রকারান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা, আমাদের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা।’ তিনি বলেন, ‘আজকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। অথচ জিয়াউর রহমান এই মুজিবনগর সরকারের অধীনেই একজন চাকুরে ছিলেন এবং চারশ’ টাকা বেতন পেতেন।’

গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা ও ‘সংবাদ শিরোনামে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন বিধায় তিনি শপথ নিতে পারেননি, তার নেতৃত্বেই গঠিত সরকার ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়ার মুজিবনগরে শপথ নিয়েছিল। বাংলাদেশের প্রথম সরকার এই মুজিবনগর সরকারের অধীনেই পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এদিন শপথ গ্রহণে যাওয়ার জন্য মুজিবনগর সরকারের সদস্যরা এবং সংবাদ সংগ্রহের জন্য দেশি-বিদেশি সাংবাদিকরা সবাই মধ্যরাতে কলকাতা প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করেছিল গন্তব্য না জেনেই। এরপর সবাই কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় সমবেত হন, পরে সেই জায়গার নামকরণ হয় মুজিবনগর। যে সাংবাদিকরা সেদিনকার এই সংবাদ সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

মোড়ক উন্মোচিত গ্রন্থ বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে যে সংবাদগুলো পরিবেশিত হয়েছিল, সেগুলো এই বইতে স্থান পেয়েছে। এমন তথ্য সংবলিত দুর্লভ চিত্র এখানে আছে যা দেখলে পুরো বইটি পড়তে ইচ্ছে হয়।

সভায় আরও বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত