রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে ছুরিকাঘাতে আকাশ (২২) নামে এক লেগুনা হেলপারের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে ধোলাইপাড় কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় সেখানে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল হক জানান, ভোরে কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় আহত অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, তার শরীর বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত আশাকের বাবা ছোট ভাই শাওন জানায়, তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পদ্মারচর গ্রামে। যাত্রাবাড়ী মুরাদপুর এলাকায় থাকেন। তবে আকাশ তাদের সাথে তেমন যোগাযোগ রাখত না। সে লেগুনা স্ট্যান্ডেই থাকত। কীভাবে ঘটনা ঘটেছে তা তারা জানেন না। তবে আহত অবস্থায় হাসপাতালে আকাশ তাদেরকে বলে গেছে, মেহেদী হাসান বাট্টি নামে একজন তাকে ছুরিকাঘাত করেছে। মেহেদী আকাশের পরিচিত।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
