বৈরী আবহাওয়ার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঝড়ের কারণে নদীতে প্রবল বাতাসে নদী উত্তাল থাকে। তাই যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েন। অনেকে বাধ্য হয়ে ফেরিতে পারাপার হন।
স্বাভাবিক সময়ে নৌরুটে ১৫৩টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করে।
গিয়াসউদ্দিন নামে নারায়ণগঞ্জ নামে এক যাত্রী মুঠোফোনে বলেন, সকালে ঘাটে এসে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। পরে ফেরিতে পার হয়ে আসি।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ভোর থেকে বাতাস ও বৃষ্টির প্রভাবে নৌ দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টায় পুনরায় চালু করা হয়।
