চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি ডুবে যায়। এ ঘটনায় তানিয়া (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তানিয়ার ছোট বোনও নিখোঁজ রয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের খোঁজে অভিযান চালাচ্ছে।
স্পিডবোট ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার জানান, সীতাকুন্ডের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটটি সন্দ্বীপের গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি গেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কাত হয়ে ডুবে যায়। আর স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে তানিয়া নামের এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানিয়ার ছোট বোনও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। সেখানে নৌপুলিশ ও কোস্টগার্ড গেছে।
