রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নাহিদের পর মোরসালিন (২৬) নামে আহত আরেকজন মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোরসালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।
এদিকে মোরসালিনের শ্যালক ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে মৃত্যুর বিষয়টি তিনিও নিশ্চিত করেন।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। দুই যুবক অচেতন অবস্থায় মোরসালিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।
তার বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাই নগর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে দুই মেয়ে সুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজা (৪)সহ পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত মো. মানিক মিয়া।
স্ত্রী অনি আখতার মিতু জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে চাকরি করতেন মোরসালিন। মাসে ৯ হাজার টাকা বেতন পেতেন। সেই টাকা দিয়ে তাদের সংসদ চলত। মঙ্গলবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।
এর আগে ঘটনার দিন রাতেই মারা যান নাহিদ (১৭) নামে এক কিশোর। তিনি এলিফ্যান্ট রোডে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
