নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)।
বৃহস্পতিবার দুপুর দুইটায় ঢাকা কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে অংশ নেয় সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে আহস সাংবাদিক, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতাকমীসহ সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় তারা নিউমার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সেইসাথে, উপমহাদেশের প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা ও পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা সাংবাদিকরা বলেন, সোমবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। যা বুধবার পর্যন্ত গড়ায়। এ সময় খবর সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ওপর হামলার মাধ্যমে এই বিদ্যাপীঠের মর্যাদা নষ্ট হয়েছে।
মানববন্ধনে অংশ নেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বিল্লাহ হোসেন সাগর, নাজমিস সাকিব। সাবেক সহসভাপতি কেফায়েত শাকিল, ঢাকসাস সভাপতি এ জেড ভূইয়া আনাস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, অর্থ সম্পাদক দেলাওয়ার হোসাইন দোলন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুর সাঈদসহ কার্যনির্বহী সদস্য আব্দুল কাইউম ও সাধারণ সদস্যরা।
