কেন তিনি ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশারদের একজন, তা আরেকবার প্রমাণ দিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারের রোমাঞ্চে চেন্নাই সুপার কিংসকে চলমান আইপিএলে এনে দিলেন দ্বিতীয় জয়।
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে সিএসকে। রোহিত শর্মাদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার জন্য শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান।
পেসার জয়দেব উনাডকাটের করা ওভারটির প্রথম বলে সেট ব্যাটার ডোয়াইন প্রিটোরিয়াস ফিরলে জয়ের আশা ক্ষীণ হয়ে যায় রবীন্দ্র জাদেজাদের। শেষ চার বলে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৬ রান।
তৃতীয় বলে স্ট্রাইক পেয়েই ঝড় তোলেন ধোনি। পরের তিন বলে ৬, ৪ ও ৪— মোট ১৬ রান নিয়ে চেন্নাইকে বিস্ময়কর জয় এনে দেন ভারতের সাবেক অধিনায়ক। ১৩ বলে ৩ চার ও ১ ছয়ে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন ধোনি।
এমন এক ইনিংসের পর চেন্নাই উইকেটরক্ষক প্রশংসায় ভাসছেন ভক্ত ও সাবেক ক্রিকেটারদের। তাদের একজন আর. পি. সিং। ভারতের সাবেক এই পেসারের চাওয়া, অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলুক ধোনি।
এই বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসছে সীমিত ওভারের বিশ্বকাপ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারত। তাই অনেকের মতো আর. পি. সিংও চান, ধোনি ফিরে এসে দেশকে আরেকটি বিশ্বকাপ এনে দিক।
মুম্বাইয়ের বিপক্ষে ৪০ বছর বয়সী উইকেটরক্ষককে ব্যাট হাতে এমন ম্যাচ খেলতে দেখে আর. পি. সিংয়ের টুইট, ‘আমরা কি মহেন্দ্র সিং ধোনিকে অনুরোধ করতে পারি, অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে আসবেন!’
গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর ২০১৯ সালে সমালোচনার মুখে অবসর নেন ধোনি।
