হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার সকালে রামগড় উপজেলার দাতারামপাড়া এলাকার জনতা ব্রিকস ও মেঘনা ব্রিকস নামে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। গুইমারা উপজেলায় মদিনা ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার মহালছড়ি উপজেলায় আরও দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
