‘গোপন বৈঠক’ থেকে জেলা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৩

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৪:৪৫ পিএম

নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে বরগুনার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আফজালুর রহমান শাহীনসহ তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কিছু জিহাদি বই, কাগজপত্র ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক জামায়াত নেতারা হলেন- জামায়াত ইসলামীর বরগুনা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ও বেতাগী উপজেলা জামায়াতের সভাপতি মো. রফিকুল ইসলাম।

এ সময় ১০-১২ জামায়াত নেতা কর্মী পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরগুনা জেলার কর্মকর্তারা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় জামায়াতের সেক্রেটারি শাহীনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর উদ্বোধন করবেন। সে কারণে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। তাদের কাছে তথ্য আসে বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আফজালুর রহমান শাহীনের বাড়িতে ১০ থেকে ১২ জন লোক গোপন বৈঠক করছেন। তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার অভিযানে জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা, (ডিএসবি) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বরগুনা সদর থানা-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, প্রধানমন্ত্রী ওই এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৬ এপ্রিল মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তার ঠিক আগ মুহূর্তে জামায়াত নেতা কর্মীদের এ রকম বৈঠক সন্দেহজনক।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই এলাকায় মুজিব বর্ষের উপহারের ঘর বিতরণ করবেন। যেহেতু ওই এলাকাটি আমাদের কাছে এখন স্পর্শকাতর সে কারণে আমরা জামায়াতের এমন বৈঠকের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। ধারণা করছি, নাশকতার পরিকল্পনায় জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠক থেকে জব্দ বই ও নথিপত্র যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরো বলেন, আটকদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলমান আছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত