ইংলিশ প্রিমিয়ার লিগে শততম গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পর্তুগিজ উইঙ্গারের মাইলফলক গড়ার ম্যাচে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ এমিরেটসে রেড ডেভিলদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। এই জয়ে টটেনহামকে টপকে পয়েন্ট তালিকায় সেরা চারে জায়গা করে নিয়েছে গানাররা। সেই সঙ্গে অগ্নি-পরীক্ষায় পাস করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার আশাও বাঁচিয়ে রাখল মাইকেল আর্তেতার দল।
ম্যাচের শুরুতে গোলের দেখা পায় আর্সেনাল। তৃতীয় মিনিটে ইউনাইনেডের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে জাল খুঁজে নেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো তাবারেস। ৩০তম মিনিটে ভিএআর দেখে গানারদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পট-কিকে দলের ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ইউনাইটেডকে ম্যাচের ফেরানোর আভাস দেন দলে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগে পর্তুগিজ উইঙ্গারের এটি শততম গোল। ২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার সময় ৮৪ গোল করেছিলেন তিনি। এবার ফিরেই ইউনাইটেডের হয়ে ১৬তম গোল করলেন রোনালদো।
গোলটি করেই আকাশের দিকে তাকান ৩৭ বছর বয়সী তারকা। স্মরণ করেন পৃথিবী ছেড়ে যাওয়া পুত্র সন্তানকে। সদ্য জন্ম নেওয়া যমজ সন্তানদের একজনকে হারিয়েছেন রোনালদো। যার কারণে তিনি লিভারপুলের বিপক্ষে খেলেননি। অথচ তার আগে নরউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকও করেছিলেন তিনি।
রোনালদোর মাইলফলক গড়ার ম্যাচেও আরেকটি হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলদের। লিগে এটি তাদের টানা দ্বিতীয় হার। ৫৭তম মিনিটে পেনাল্টি মিস না করলে সমতায় ফিরতে পারত রাল্ফ রাংনিকের দল। কিন্তু রোনালদোর স্বদেশি মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের স্পট-কিক লাগে গোলপোস্টে।
সুযোগ হাতছাড়া করার মাশুল ঠিকই দিতে হয়েছে ইউনাইটেডকে। ৭০তম মিনিটে মোহামেদ এলনেনির অ্যাসিস্টে আর্সেনালের তৃতীয় গোলটি করে রাংনিকের শিষ্যদের ম্যাচ থেকে ছিটকে দেন গ্রানিত জাকা। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রেড ডেভিলরা।
এই হারে তালিকার সেরা চারে থাকাটাই এখন শঙ্কার মুখে ইউনাইটেডের। ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রাংনিকের দল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আর্সেনাল।
