লিগ শিরোপার নিষ্পত্তি কি আজই

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১১:৩৯ পিএম

দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে না। তবুও আজ তাদের ফাইনাল। একদল হারলে অপর দল চ্যাম্পিয়ন। সুযোগটা বেশি শেখ জামালের। সাভারে নিজেদের ম্যাচে প্রাইম ব্যাংককে হারালে আর মিরপুরে আবাহনীর কাছে লিজেন্ডস অব রূপগঞ্জ হারলে আজই জামাল চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেই দিক থেকে আজই লিগ শিরোপা নিষ্পত্তির দিন। অন্যথা হলে ফাইনাল মানে শিরোপার দিনটি পিছিয়ে যাবে আরও। তাই আজ দূর থেকেই একে অপরের ম্যাচে চোখ রাখবে শেখ জামাল-রূপগঞ্জ। আজ শেষ বিকেলটা শেখ জামালের উৎসবে রাঙা হয় না অপেক্ষার সেটাই দেখার।

সুপার লিগে ছয় দলের আর তিনটি করে ম্যাচ বাকি। ২২ পয়েন্ট নিয়ে সবচেয়ে এগিয়ে শেখ জামাল। গাজী গ্রুপ (১২) ও রূপগঞ্জ টাইগার্স (১০) আগেই শিরোপা লড়াইয়ের বাইরে। সমান ১৪ পয়েন্ট পাওয়া আবাহনী ও প্রাইম ব্যাংক নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২০। মানে জামালকে টপকাতে পারছে না। একমাত্র ১৮ পয়েন্টে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের সেই সম্ভাবনা আছে। শেষ তিন ম্যাচ জিতলে দলটি জামালের ২২ পয়েন্ট টপকে পেতে পারে ২৪। সেক্ষেত্রে জামালকে সব ম্যাচ হারতে হবে। কঠিন হলেও রূপগঞ্জ সেই আশা করতে পারে। কারণ জামালের শেষ তিন প্রতিপক্ষ তুলনামূলক কঠিন প্রাইম ব্যাংক, আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। তিন ম্যাচের মধ্যে প্রাইম ও আবাহনীর সঙ্গে জামাল হারলে এবং রূপগঞ্জ নিজেদের ম্যাচ দুটি জিতলে ২৮ এপ্রিল শেষ ম্যাচ হয়ে উঠবে লিগ ফাইনাল। সেদিন মিরপুরে মুখোমুখি হবে শেখ জামাল ও রূপগঞ্জ।  

তবে এত সমীকরণে তাকাতে চাইছেন না রূপগঞ্জ কোচ আফতাব আহমেদ। আগের মতো বাকি তিন ম্যাচে ২ পয়েন্ট করে ৬ পয়েন্টের জন্য খেলবেন বলে জানান। অন্য দলের কী হলো সেই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না, ‘আমরা প্রথম থেকে যখন খেলছি আমাদের একটাই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হব। আর প্রসেস যেটা ছিল, প্রত্যেক ম্যাচ ২ পয়েন্ট, ২ পয়েন্ট এবং এই ২ পয়েন্ট নিয়েই আমরা খেলছি। কার বিরুদ্ধে খেলছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য ২টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। কালও (আজ) আমাদের ২টা পয়েন্ট, কার সঙ্গে খেলছি তা গুরুত্বপূর্ণ না। পরের যে চার পয়েন্ট সেটাও আমরা ২টা পয়েন্ট মাথায় নিয়েই খেলব। শেষে হিসাব হবে কে চ্যাম্পিয়ন হবে কে হবে না।’  তবে অত দূর যেতে হচ্ছে না। আজ আবাহনীর কাছে রূপগঞ্জ হারলেও শিরোপা নিশ্চিতের সুবর্ণ সুযোগ জামালের সামনে। শুধু জয় দিয়ে নিজেদের কাজটা করতে হবে। শেখ জামালের কোচ সোহেল ইসলাম সেদিকেই চোখ রাখছেন। শিরোপা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই বলতে চান না তিনি, ‘ক্রিকেটে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি নিশ্চিত হয়ে বলতে পারেন না আসলে কিছুই। তো আমি বলব যে আমাদের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই আমরা গত ম্যাচগুলো যেভাবে খেলে এসেছি সেভাবে আমাদের নজর থাকবে এবং আমরা সেই লক্ষ্য নিয়েই খেলছি।’

আসরে খুব বড় দল গড়েনি রূপগঞ্জ। তারকা হিসেবে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সুপার লিগে সাকিব আল হাসান যোগ দিয়ে দলটির শক্তি বাড়িয়ে দিয়েছেন অনেকগুণ। আফতাবের মুখে তাই মাশরাফীর নেতৃত্বগুণের প্রশংসা। পরে সাকিবের অন্তর্ভুক্তিতে দলের শক্তি বেড়ে যাওয়ার কথাও জানালেন, ‘প্রথম থেকে মাশরাফী আমাদের টিমকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। ওভারঅল সবসময় চাঙ্গাই ছিল। আর সাকিব আসার পর এক্সট্রা অর্ডিনারি। সবার এফোর্ট অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন মাঠেও এমন মানসিকতা ছিল। ওর জন্য বাকি সবারও মানসিকতা একই ছিল।’ শেখ জামালের অবস্থা অবশ্য এমন নয়। মাশরাফীর মতো নেতা তাদের দলে ছিলেন না। তবে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফরমাররা ছিলেন। সোহেলের চোখে তাদের মিলিত প্রচেষ্টায় দল হিসেবে ওপরে উঠে আসা, ‘আমাদের ভালো করার পেছনে দুইটা কারণ। একটা হলো টিম কম্বিনেশনটা ভালো ছিল, অলরাউন্ডার বেশি থাকাতে বোলিং বিকল্প বেশি ছিল। ব্যটিং অর্ডারটাও লম্বা ছিল। এটা একটা জিনিস আর আমরা দল হিসেবেও ভালো খেলেছি। দল হিসেবে না খেললে আমাদের মাঝারি মানের দল নিয়ে ভালো খেলা কঠিন ছিল।’

শিরোপা জেতার মতো দল গড়া প্রাইম ব্যাংক সুপার লিগে আবাহনীকে হারিয়ে শুরু করেছিল। অথচ গত ম্যাচে রূপগঞ্জের কাছে হেরেই ছিটকে পড়েছে তারা। বাকি তিন ম্যাচ দলটির জন্য নিয়মরক্ষার লড়াই হয়ে উঠেছে। সবচেয়ে কষ্টের বিষয় আবাহনীর। শিরোপা ধরে রাখার মিশনে একেবারে ব্যর্থ জায়ান্ট দলটি। সুপার লিগে টানা দুই ম্যাচ হেরে সম্ভাবনা শেষ করেছে গত রাউন্ডেই। সাবেক চ্যাম্পিয়ন হিসেবে সম্মান ধরে রাখতে ৬ দলের মধ্যে যত ওপরে থাকা যায় সেই চেষ্টা থাকবে আবাহনীর। অন্য ম্যাচে সুপার লিগ পয়েন্ট তালিকার তলানির দুই দল গাজী ও টাইগার্স লড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত