গত মৌসুমেও শিরোপা জয়ের দৌড়ে প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল এসি মিলান। তবে নগর প্রতিদ্বন্দ্বীদের হতাশ করে ১০ মৌসুম পরে চ্যাম্পিয়ন হয় হয় ইন্টার।
চলতি মৌসুমেও লিগ শিরোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিলানের দুই জায়ান্ট। একবার ইন্টার এগিয়ে যায় তো আরেকবার মিলান।
গত শনিবার সান সিরোতে রোমাকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থানে বসেছিল ইন্টার। একদিন পর শেষ মুহূর্তের গোলে লাৎসিওকে ২-১ ব্যবধানে হারিয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছে মিলান।
৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্তেফানো পিওলির দল। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। যেখানে তিনে থাকা নাপোলির পয়েন্ট ৬৭। চারে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৩। তবে শিরোপা দৌড়টা এখন কেবল মিলান-ইন্টারের।
মিলান কি পারবে ১০ মৌসুম পর লিগ শিরোপা জিততে? তার জন্য বাকি ৪ ম্যাচে তাদের জিততেই হবে। অন্যদিকে ইন্টারও যদি তাদের বাকি ৫ ম্যাচ জিতে হবে শিরোপা যাবে সিমোনে ইনজাঘির শিষ্যদের হাতে। সামনে নেরাজ্জুরিদের তেমন কঠিন প্রতিপক্ষ নেই বললেই চলে। মিলানেরও একই।
লাৎসিওর মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল পিওলির দল। ম্যাচের চতুর্থ মিনিটে মিলানকোভিচ-সাভিচের অ্যাসিস্টে দলকে স্বাগতিকদের এগিয়ে দেন সিরো ইমোবিলে। পিছিয়ে থেকে বিরতিতে যায় মিলান। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে রোজোনেরিদের সমতায় ফেরান অলিভিয়ের জিরু।
মিলান জয়সূচক গোল পায় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে। বদলি হিসেবে মাঠে নামা জ্লাতান ইব্রাহিমোভিচের পাসে লাৎসিওর জাল খুঁজে নেন টোনালি।
