শেরপুরের পাকুরিয়ায় এক দম্পতির ঘানির জোয়াল কাঁধে নিয়ে জীবনযুদ্ধের সংবাদ প্রচারিত হয়ে একটি বেসরকারি টেলিভিশনে। এ খবর প্রচার হওয়া পর ওই দম্পতিকে ঈদ উপহার দিলো রূপায়ণ গ্রুপ।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের উপস্থিতিতে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাবেক ফুটবলার আব্দুল গাফফার, দেশ রূপান্তরর এডমিন ইউসুফ মাহমুদ, শেরপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরুর উপস্থিতিতে গরুটি হস্তান্তর করা হয়।
এ সময় গরু উপহার পাওয়া সাজন ও তার স্ত্রী বেগম, দেশ রূপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, মাসুদ হাসান বাদল, জোবাইদুল ইসলাম, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত মাসের আট তারিখে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদের শেরপুরের সাজন-বেগম দম্পতির নিজ কাঁধে ঘানীর জোয়াল নিয়ে সরিষার তেল ভাঙানোর খবর প্রচার হয়। খবরটি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের চোখে পড়লে তিনি ওই পরিবারকে একটি গরু ঈদ উপহার দেয়ার ঘোষণা দেন।
পরে স্থানীয়ভাবে গরুটি কিনে ২৬ এপ্রিল মঙ্গলবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফাফার সাজন-বেগম দম্পতির হাতে গরুটি বুঝিয়ে দেন।
এদিকে ঈদ উপহার হিসেবে গরুটি পেয়ে সাজন-বেগম দম্পতি খুব খুশি হয়েছেন বলে তারা জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানায়, সরকারি উদ্যোগের পাশাপাশি রূপায়ণ গ্রুপের মতো আমাদের দেশের অন্যান্য শিল্পগ্রুপ যদি এভাবে অসহায়ের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।
