ছাত্রলীগে নেতাকর্মীর বিরুদ্ধে পৌর মেয়রের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১০:৫৮ পিএম

নড়াইলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে পৌর মেয়র আঞ্জুমান আরার সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে নড়াইল পৌরসভায় মেয়রের কক্ষে এ ঘটনা ঘটে। 

এর প্রতিবাদে বিকেল ৩টার দিকে নড়াইল পৌর পরিষদ জরুরি সভা অনুষ্ঠিত হয়। মেয়রের সভাকক্ষে মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক, প্যানেল মেয়র-২ রেজাউল বিশ্বাস, কাউন্সিলর শরফুল আলম লিটু, সচিব ওয়াবুল আলম, নির্বাহী প্রকৌশলী কবির হাসান, হিসাবরক্ষক মো. সাইফুজ্জামানসহ সব কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না করলে পৌর এলাকার পানি ও সড়কের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ষোষণা দেওয়া হয়। পরবর্তীতে অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। 

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পৌরসভায় গিয়ে নিজ কক্ষে বসে প্যানেল মেয়র কাজী জহিরুল হকের সঙ্গে সম্প্রতি পৌরসভার হাট-বাজার, বাস টার্মিনালসহ ৫টি গ্রুপের টেন্ডার নিয়ে কথা বলছিলেন। এ সময় পাশের চেয়ারে অবস্থান করা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, ছাত্রলীগ কর্মী উচ্ছ্বাস ও শাওন উচ্চস্বরে বলতে থাকেন আমি নাকি এসব কাজ থেকে ঠিকাদারদের কাছ থেকে ৫০% টাকা ভাগ নিয়েছি। একপর্যায়ে তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এ ধরনের মিথ্যাচার ছড়াচ্ছেন এবং তারই সমর্থিত কিছু ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী আমার সঙ্গে এ ধরনের আচরণ করেছে। 

তিনি বলেন, বিষয়টি পৌর পরিষদের পক্ষ থেকে নড়াইল-২ আসনের এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে  জানানো হচ্ছে। এ ঘঁনায় আমি থানায় মামলা দায়ের করব।

প্রসঙ্গত, সম্প্রতি ৫টি গ্রুপে নড়াইল বাস টার্মিনাল, রূপগঞ্জ সাধারণ হাট, রূপগঞ্জ বাজার, পুরোনো বাস টার্মিনাল, কাঁচাবাজার, কসাই খানা ও নড়াইল বাজার ৩৫ লাখ টাকায় টোল সম্পন্ন হয়েছে। গত ১৩ এপ্রিল এসব টেন্ডারের ওয়ার্ক ওর্ডার দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক নিলয় রায় বাধন বলেন, ‘আমরা পৌরসভায় গিয়েছিলাম হাটবাজার টেন্ডারের ৩টি কাজের বিডি ফেরত আনতে। সেখানে কিছু বিষয়ে কথাকাটাকাটি হয়েছে। কিন্তু মেয়র মহোদয়ের সঙ্গে কোনো অসৌজস্যমূলক আচরণ আমরা করিনি।’

নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, ‘নড়াইল পৌর মেয়র মহোদয় আমাকে ফোনে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত