মানবপাচার: ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, ছোট ভাই আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৩:১৩ পিএম

কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্টে বড় ভাইয়ের জামিন নেয়ার ঘটনায় ছোট ভাই রফিকুল ইসলামকে (১৫) আটক করেছে র‍্যাব। এ ঘটনায় বড় ভাই আলাউদ্দিন (২২) জেলে রয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজারের র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদি।

আটক রফিকুল ইসলাম রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে।

মেজর মনজুর মেহেদি জানান, ২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ আরও একজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়া হয়। সেখানে গিয়ে তারা দালালদের নির্যাতনের শিকার হন এবং জেল খেটে দেশে ফিরে আসেন।

দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।

তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আসামি আলাউদ্দিনের পরিবর্তে তার ছোট ভাই রফিকুলকে দাঁড় করানো হয়। আদালত ছোট ভাই রফিকুলকে, আলাউদ্দিন মনে করে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়।

এছাড়াও ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন মিলে উপরিউক্ত মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিককে (৩০) হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোট ভাই রফিকুল আত্মগোপনে থাকে। পরে রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত